
পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়ে গিয়েছেন পাওনাদার। উত্তর ২৪ পরগনার শাসনে পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগ শোরগোল পড়েছে।
তৃণমূল ঘনিষ্ঠ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আমিনপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জানা গিয়েছে শাসনের খামার নওবাদ গ্রামের বাসিন্দা আহমেদ আলি রাজমিস্ত্রির ঠিকাদারের কাজ করতেন। শাসনের বাদাপাড়ার বাসিন্দা তৃণমূল ঘনিষ্ঠ হাফিজুল ইসলামের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করেছিলেন তিনি। সেই বাবদ হাফিজুলের কাছ থেকে ১৪ হাজার টাকা পেতেন। বারবার টাকা চেয়ে না পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন আহমেদ আলি। অভিযোগ তখনই হাফিজুল আহমেদ আলিকে পিটিয়ে মারে।
বিষয়টি জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাফিজুলের গ্রেফতারির দাবিতে আমিনপুর-বোয়ালঘাটা রোড অবরোধ করে উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







