
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যার দায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই-অগাস্টে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশদাতা শেখ হাসিনা। এই গণঅভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের দায় তার। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী পাঁচ অভিযোগ রয়েছে।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা ওই প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশসহ পাঁচটি অভিযোগ এনেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মামলায় প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-অগাস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
