
বাংলাদেশে বেড়ে চলা নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে সুদখোর এবং জঙ্গিনেতা বলে কটাক্ষ করেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মধ্যরাতে হাসিনার দল আওযামী লীগ সোশ্যাল মিডিয়ায় একটি অডিও বার্তা প্রকাশ করেছে। প্রায় ৯ মিনিটের সেই অডিওতে হাসিনা নারী নির্যাতন নিয়ে উদ্বেগপ্রকাশ করে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। বক্তব্যের শুরুতেই হাসিনা বলেছেন, মেয়েদের অনেকেই স্লোগান দিয়েছে তাঁকে বিদায় দেওয়ার জন্য। তাঁর বিদায়ের পরও বাংলাদেশের কী অবস্থা।
মেয়েদের সম্মান নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে আক্রমণ করে হাসিনা বলেছেন, ইউনূস নারী ক্ষমতায়ন এবং দারিদ্র বিমোচনের কথা বলছেন। কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায় । বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরেই সরগরম রয়েছে সে দেশের রাজনৈতিক পরিস্থিতি। সে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম পুলিশ সদর দফতরের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে , ফেব্রুয়ারি মাসে গড়ে ১২ টি করে ধর্ষণের মামলা রুজু হয়েছে ।
এই পরিস্থিতিতে নারী দিবসের ঠিক পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করে হাসিনার বার্তা, ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশের মাগুরায় ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর থেকেই দেশের নানা প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ চলছে।








