
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন নতুন নেতা।সরকারি ভোট গণনায় জয়ী হয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা।ফলে জাপানের নতুন প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন।
ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি,এলডিপি-র আইনপ্রণেতারা। জাপানের পার্লামেন্টে এলডিপি সংখ্যাগরিষ্ঠ, তাই দলের নতুন নেতাই হবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী।আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।এদিকে গত দু’ সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্ব দিতে ৯ প্রার্থী প্রচার চালিয়েছেন। টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দিয়েছেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা।৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা। তাকাইচি জয়ী হলে হতেন দেশের প্রথম মহিলা নেতা।দলীয় প্রধান নির্বাচনের পর সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করবে।এরপর পার্লামেন্টে নতুন দলীয় নেতা ও কিশিদার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। এরপর তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রী জণগণের রায় জানতে চাইলে আগাম নির্বাচন করতে পারেন।টোকিওতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি,এলডিপি-র সদর দপ্তরে বিজয় ঘোষণা করার পর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা খুশিতে কেঁদে ফেলেন এবং চশমা খুলে অশ্রুসজল চোখ মুছতে থাকেন। তার সহযোগীরা তাকে অভিনন্দন জানাতে বারবার মাথা নত করছিলেন।









