
ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে শিমলার ঐতিহাসিক ডিম্পল লজ। ১৩৫ বছরের ঐতিহ্যবাহী পুরনো কাঠের লজটি মুহূর্তে মধ্যেই ভস্মীভূত হয়ে গিয়েছে।
দুর্ঘটনার সময় লজটি খালি থাকায় কোনও প্রাণহানি হয়নি। দমকলের ছয়টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও লজটির সম্পূর্ণ কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। লজটিতে প্রায় দশটি ঘর ছিল এবং সেগুলি কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, প্রশাসনের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ভবনটি তখন খালি ছিল, তাই সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেশীরা এবং ভবনের তত্ত্বাবধায়ক দমকল বাহিনী এবং জেলা প্রশাসনকে খবর দিয়েছেন।
ব্রিটিশ আমলে তৈরি এই লজটিতে সম্প্রতি বলিউডের দাদি কি শাদি ছবির শুটিং হয়েছিল। নিতু সিং ও কপিল শর্মা অভিনীত এই ছবির কয়েকটি দৃশ্য এখানেই শুটিং করা হয়েছিল।




