ডালে গন্ধ, ক্যান্টিন বয়কে চড় শিব সেনা বিধায়কের

0
197
ছবি সৌজন্যে : এক্স
ডালে পচা গন্ধ বেরোচ্ছে এই অভিযোগে এমএলএ ক্যান্টিনের বয়কে চড় মেরে বিতর্কে জড়িয়েছেন শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। এই কাণ্ড ঘটিয়েও কোনও আক্ষেপ নেই অভিযুক্তর। শিব সেনা বিধায়কের সাফ জবাব, এটা শিব সেনা স্টাইল। জানা গিয়েছে, আকাশবাণী এমএলএ ক্যান্টিনে একটি থালি অর্ডার করেন সঞ্জয়।
কিন্তু খাবার তাঁর টেবিলে আসতেই তিনি আবিষ্কার করেন, ডাল থেকে পচা গন্ধ বেরচ্ছে। নিজের কোমরে একটি তোয়ালে জড়িয়ে এরপর তিনি সটান হাজির হন ক্যান্টিনে। জানতে চান, এই ডাল কে বানিয়েছে। সকলকে ডেকে ডেকে প্যাকেটের ডাল শুঁকতেও আর্জি জানান তিনি। অভিযোগ করেন, সামান্য ডাল খেয়েই তাঁর পেট ব্যথা করছে। তিনি অসুস্থ বোধ করছেন। এরপরই ওই বিধায়ক ক্যান্টিনের পরিচালককে ডেকে পাঠান।
দু’জন মুখোমুখি হলে সঞ্জয় তাঁকে ডালটি শুঁকে দেখতে বলেন। তিনি মুখটা সামনে আনতেই ঠাসিয়ে চড় মারেন তাঁকে। এরপর আরও দু’টি চড় মারেন ওই বিধায়ক। এখানেই শেষ নয়। এরপর তিনি ঘুসিও মারেন। যার ধাক্কায় মাটিতে ছিটকে পড়েন ক্যান্টিনের পরিচালক।