
বিজেপির সঙ্গে আসনরফা প্রায় চূড়ান্ত হওয়ার পরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এনসিপি। প্রথম দফায় শিবসেনা ৪৫ এবং এনসিপি ৩৮টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঠানে জেলার কাপরি-পাচপাখিড়ি আসনে লড়বেন। ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত টানা তিনটি বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনার প্রার্থী হিসাবে ওই আসনে জিতেছেন তিনি। শিবসেনার মুখপাত্র সদা সরভঙ্কর তাঁর পুরনো আসন মুম্বইয়ের ফাহিম থেকে লড়বেন। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী শিবসেনার প্রয়াত প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরের পুত্র অমিত।এছাড়াও মনীষা রবীন্দ্র ওয়েকার, সুহাস দ্বারকানাথ কান্দে , প্রদীপ শিবনারায়ণ জয়সওয়াল-এর মতো একনাথ শিন্ডে ঘনিষ্ঠ নেতা-নেত্রীরাও রয়েছেন তালিকায়। অন্যদিকে, এনসিপি প্রধান তথা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার লড়বেন তাঁর পুরনো আসন বারামতী থেকে।
নাসিকের ইয়েলার বিদায়ী বিধায়ক, একনাথ শিন্ডে মন্ত্রিসভার সদস্য ছগন ভুজবল এবারও সেখান থেকেই প্রার্থী। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মুম্বইয়ের প্রভাবশালী নেতা তথা বিধায়ক নবাব মালিককে এবার তাঁর কেন্দ্র, মুম্বইয়ের অনুশক্তি নগরে প্রার্থী করেননি অজিত পাওয়ার।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
