
দক্ষিণ তুরস্কের একটি স্কুলে গুলি চলার ঘটনায় অন্তত আটজন ছাত্র ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি।
ঘটনাটি ঘটেছে কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ১৪ বছর বয়সী এক হামলাকারীও নিহত হয়েছে। দেশটির দক্ষিণে আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় ১৬ জন আহত হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল। এরপর ওই ছাত্রটি আত্মহত্যা করে। বুধবারের এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং একটি তদন্ত শুরু করা হয়েছে।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তিনি দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল।
