
ফের গুলি চলল কসবায়। এবার কাউন্সিলর সুশান্ত ঘোষ-র বাড়ির অদূরে বুধবার গভীর রাতে কসবার বোসপুকুরে যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনায় আহত হয়েছেন তরুণ অভিজিৎ নাইয়া। বাঁ হাতের তালুতে গুলি লেগেছে তাঁর। শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ বোসপুকুর এলাকার প্রান্তিক পল্লিতে ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বন্ধুদের মধ্যে বচসা থেকেই ঘটনার সূত্রপাত। তর্কাতর্কির মাঝে ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন এক যুবক। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত অভিজিৎ বলেছেন, বুধবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির পাশে খালপাড়ে আসেন। তাঁরা বন্দুক দেখিয়ে অভিজিৎকে শাসাতে শুরু করেন বলে অভিযোগ। বচসার মাঝে অভিজিৎ বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেলে কোনও ভাবে একটি গুলি বেরিয়ে যায়। তাতেই নাকি জখম হন তিনি। অভিজিতের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় সন্দেহ হয় পুলিশের। তা ছাড়া, পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে খাবারের প্যাকেট এবং মদের বোতল পাওয়া যায়। মেলে কার্তুজের খোল। শেষমেশ তদন্তকারীদের চাপের মুখে অভিজিৎ স্বীকার করে নেন, রাতে দুই বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। তাঁদের কাছে একটি ৯ এমএম পিস্তল ছিল। কোনও ভাবে তিন বন্ধুর মধ্যে বচসা বেধে যায়। তখনই গুলি চলার ঘটনাটি ঘটে।
জখম তরুণের বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।





