
সামনের সেপ্টেম্বরে ৭৫-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদের কাজ করতে দেওয়া উচিত। নাগপুরের মঞ্চ থেকে আরএসএস প্রধানের এই মন্তব্যের পর বিরোধীরা অনেকেই বলতে শুরু করেছেন, সঙ্ঘ এ বার নরেন্দ্র মোদীকে সরে যাওয়ার বার্তা দিতে চাইছে।
যদিও মোহন ভাগবত কারও নাম করেননি। তিনি এই মন্তব্য করেন আরএসএস-এর প্রাক্তন প্রচারক মোরোপন্ত পিঙ্গলের জীবনের কথা প্রসঙ্গে। মোরোপন্তের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথার স্মৃতিচারণ করেন তিনি বলেছেন, মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত।
তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি। মহারাষ্ট্রের শিবসেনা, উদ্ধব ঠাকরে সেনা সঞ্জয় রাউত জানিয়েছেন, সঙ্ঘপ্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসরগ্রহণের বার্তা দিতে চেয়েছেন।








