
সোনা পাপ্পুর মামলায় নির্দিষ্ট সময়ের একদিন আগেই সোমবার কলকাতায় ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন শ্রেয়া পাণ্ডে। সোনা পাপ্পুর মামলায় তাঁকে মঙ্গলবার তলব করেছিল ইডি।
এক দিন আগেই ইডির দফতরে উপস্থিত হন তৃণমূল নেত্রী। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় মোবাইল পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়ার নাম উঠে এসেছে। তার পরেই তাঁকে তলব করা হয়। এর আগে শ্রেয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত কল্যাণ শুক্ল-কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর বাড়ি থেকে জমি জালিয়াতির নথি মিলেছিল। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সোনা পাপ্পু-মামলায় মোবাইল-সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে চ্যাটে শ্রেয়া পাণ্ডের নাম উঠে এসেছে। শ্রেয়া পাণ্ডে যদিও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, তিনি স্বেচ্ছায় ইডি দফতরে গিয়েছেন। সোমবারের জন্য কোনও সমন পাননি। তিনি সোনা পাপ্পুকে চেনেন না বলেও দাবি করেছেন। ওই মামলাতেই গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী জয় কামদার।
তাঁর বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে তিন বার গিয়েছিলেন শ্রেয়া পাণ্ডে। সেখানে অন্য দলের রাজনীতিকেরাও উপস্থিত ছিলেন।
