
এভারেস্ট জয় করে বাড়ি ফিরেছেন শুভম চট্টোপাধ্যায়। নিজের শহর হিন্দমোটরে পা দিতেই অভিনন্দনের বন্যায় ভেসেছেন তিনি। লক্ষ্য ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।
সেই স্বপ্ন পূরণ করে, হুগলির হিন্দমোটরে ফিরেছেন শুভম। বর্ণাঢ্য শোভা যাত্রায় স্বাগত জানানো হয় তাঁকে। উত্তরপাড়া কলেজ মোড় থেকে ঘোড়ার গাড়ি করে শোভাযাত্রা করেন এলাকার মানুষ। এভারেস্ট জয়ীকে দেখার জন্য জি টি রোডের দু’পাশে ভিড় জমে যায়। জাতীয় পতাকা সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘোড়ার গাড়িতে চেপেই বাড়ি ফেরেন শুভম। জানা গিয়েছে, এভারেস্ট জয়ের জন্য ৯ এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভম। আবহাওয়া অনুকূল না থাকায় তাঁর সামিট কিছুটা পিছিয়ে যায়। এভারেস্টে ওঠার সময়েও জনজটেও পড়তে হয় তাঁকে।
তবে সবকিছু কাটিয়ে, গত বুধবার, ভালোভাবেই এভারেস্ট শৃঙ্গে ওঠেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে এ’বার এভারেস্ট জয় করতে গিয়েছিলেন দু’জন। ১৬ মে বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু হয় তাঁদের।







