মঙ্গলবার দিল্লিতে সুদীপদের সঙ্গে শুভেন্দুর বৈঠক

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়ায়,এনসিপিআই শামিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা ওই ২০ সাংসদের দলবদলকে এখনও স্বীকৃতি দেননি।

তবে তাঁদের আসন বদল করা হয়েছে। তৃণমূলের প্রতীকে জিতে ২০ জন সাংসদ যে ভাবে ভিন্ন দলে শামিল হয়েছেন, তাকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় এনে তাঁদের সাংসদপদ খারিজের দাবি জানানো হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে। যে দাবি জানাতে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। কিন্তু সে ব্যাপারে লোকসভা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।এই প্রেক্ষাপটেই মঙ্গলবার এনডিএ শরিক,এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বেলা ১টায় দিল্লির বঙ্গভবনে ২০ জন সাংসদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। বীরভূমের সাংসদ শতাব্দী রায় বৈঠকের কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে গত মাসে যখন তৃণমূলের সংসদীয় দল ভাঙার পর্ব চলছিল, তখন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এনসিপিআই-তে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব, ইউসুফ পাঠানদের মিশে যাওয়া এবং এনডিএ-র শরিক হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি। মঙ্গলবার সেই বৈঠকই হতে চলেছে।