
ইংল্যান্ড সফরের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও। ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দলও ঘোষণা করল বোর্ড।রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথম বার কোনও টেস্ট সিরিজ় খেলতে যাচ্ছে ভারত।
ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে।তিন নম্বরে খেলার জন্য শুভমন গিল রয়েছেন। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক খুঁজতে হত ভারতকে।ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুরেল।মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারেরা।পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংহ।
স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব।উল্লেখ্য,ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।সেই ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যাঞ্চেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে।তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলবে ভারত। তার পর নিজেদের মধ্যে একটি আন্তর্দলীয় ম্যাচও খেলা হবে।
