
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটাই তাঁর প্রথম দিল্লি সফর। শুক্রবার দিনভর দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। বিকেলের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু।
প্রধানমন্ত্রীর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি তুলে দিয়েছেন তিনি। তাতে বন্দে মাতরম লেখা রয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী মোদীর হাতে পুষ্পস্তবক তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।উল্লেখ্য ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও। তার পরে বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশে ফেরার পরেই তাঁর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিজেপির রীতি অনুযায়ী, দলের কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। নিজের রাজ্যের দাবিদাওয়া তাঁর কাছে তুলে ধরেন। মনে করা হচ্ছে, সেই রীতি মেনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু। এর আগে শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী।
পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত সরকারকে একগুচ্ছ সুনির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকারের উন্নয়নের গতিপথ কোন দিশায় এগোবে, সে বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি,দায়িত্ব নেওয়ার পর গত দু’ সপ্তাহে নতুন সরকার রাজ্যে কী কী জরুরি পদক্ষেপ ও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেই প্রশাসনিক খতিয়ানও প্রধানমন্ত্রীর কাছে সবিস্তার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
