
ভরা জনসভায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দর্শকদের মধ্যে থেকে কয়েক জন কালো পতাকা দেখানের জেরে মেজাজ হারিয়েছেন তিনি। দাবি, যাঁরা কালো পতাকা দেখিয়েছেন তাঁরা সকলেই বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে চড় মারতেও উদ্যত হন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কর্নাটকের রাজ্য-রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।জানা গেছে,সোমবার বেলাগাভিতে কংগ্রেসের একটি জনসভার প্রধান বক্তা ছিলেন সিদ্দারামাইয়া।তিনি যখন বক্তৃতা করতে ওঠেন তখন কংগ্রেসের নেতানেত্রীও মঞ্চে ছিলেন। তিনি ভাষণ শুরু করতেই দর্শকদের মধ্যে থাকা কয়েক জন কালো পতাকা দেখান তাঁকে।বিষয়টি দেখেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কালো পতাকা দেখে বক্তৃতা থামিয়ে দেন সিদ্দারামাইয়া। ডেকে পাঠান পুলিশের এক কর্তাকে। সেখানে তখন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি মঞ্চে উঠতেই সিদ্দারামাইয়া তাঁকে জিজ্ঞাসা করেন,কী ভাবে এমন লোক সভাস্থলে ঢুকে পড়ল? তাঁরা কী ভাবে সভাস্থলে বিক্ষোভ দেখাচ্ছেন? এখানকার এসপি কে? আপনারা কী করছেন? তার পর আর ওই ভিডিয়োতে কথাবার্তা স্পষ্ট শোনা যায়নি।
তবে দেখা গিয়েছে, সিদ্দারামাইরা হাত তুলে চড়ের ভঙ্গিতে এগিয়ে যান ওই পুলিশকর্তার দিকে। তখন ওই পুলিশকর্তাকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়।অনেকেরই দাবি, সিদ্দারামইয়া এএসপি নারায়ণ বরামণিকে চড় মারতেই গিয়েছিলেন। এই ঘটনা কর্নাটকের রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে।
