
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেবে জমিয়ত উলামায়ে হিন্দ। বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে সমাবেশ থেকে সংগঠনের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরি জানিয়েছেন এক কোটি মানুষের গণস্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতার মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত এই সংখ্যালঘু সংগঠনের তরফে মিছিল করা হয়। মিছিলের জেরে মধ্য কলকাতায় ব্যাপক যানজট তৈরি হয়। কার্যত অবরুদ্ধ হয়ে যায় পথ। মিছিল শেষে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁর কাছে ফোন এসেছিল। ওই সময়ে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না। গত কয়েকদিন ধবে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন তিনি।
বেশকিছু প্রতিবাদ কর্মসূচিও করেছেন। ওয়াকফের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। সেদিন পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিদ্দিকুল্লা চৌধুরি।
