
নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। দলীয় কর্মীদের একাংশের আচরণে ক্ষুব্ধ সিদ্দিকুল্লা চৌধুরি পদত্যাগও করতে চেয়েছিলেন।
এই ঘটনায় প্রেক্ষিতে গ্রন্থাগার মন্ত্রী ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লার দাবি অভিযুক্তদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আশ্বাসে ভরসা রখেছেন তিনি। জানা গিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরির সঙ্গে মিনিট পাঁচেক ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে সবটা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনও জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী আরও জানিয়েছেন এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কারা অপরাধী পুলিশ জানে। তিনিও নাম দিয়েছেন। সরকারি আমলারাও নড়েচড়ে বসেছেন। একুশে জুলাইয়ে প্রস্তুতি সভার জন্য সভাস্থল দেখতে মালডাঙা যাওয়ার পথে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। গাড়িতে ইট ছোড়া হয়। এমনকি মহিলারা ঝাঁটা হাতে চড়াও হয়।
মন্ত্রী অভিযোগ করলেও মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন বলেছেন এই বিক্ষোভে রাজনীতির যোগ নেই। এলাকায় মন্ত্রীর দেখা মেলে না। তাই স্থানীয় মানুষই বিক্ষোভ দেখিয়েছেন।
