
জঙ্গিপুরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি প্রশ্ন তোলার পরেই সরাসরি হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেতেই মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক জাকির হোসেনের সঙ্গে।
রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে খবর দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইমত সন্ধে থেকেই ধরপাকড় শুরু হয়েছে জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জে। এর আগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীদের সামাল দিতে গেলে পুলিশকে প্রথমে লাঠি ও কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। এরপরেই উত্তেজিত জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবং দুটো পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই নিয়েই সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তাঁর কথায় এর আগে বাম জমানাতেও কখনও পুলিশ তাদের গায়ে হাত দেয়নি।
তবে পশ্চিমবঙ্গে যে ওয়াকফ আইন কোনওভাবেই কার্যকর করতে দেওয়া হবে না তাও বুঝিয়ে দিয়েছেন সিদ্দিকুল্লা। কলকাতায় এক সংবাদ সম্মেলনে সিদ্দিকুল্লা চৌধুরি বলেছেন যাঁরা ওয়াকফের সম্পত্তি পরিমাপ করতে যাবেন তাদের জন্য কিরকম জামাই আদর অপেক্ষা করছে তা তারা গেলেই বুঝতে পারবেন।








