
একুশে জুলাইয়ের ভিড়ে ৫৬ জন তরুণীকে পাচারের আগেই পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার করেছে জলপাইগুড়ির জিআরপি ও আরপিএফ। অভিযোগ আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহার নিয়ে যাওয়া হচ্ছিল।
এতজন তরুণীকে একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য একুশে জুলাই দিনটি বাছা হয়েছিল স্রেফ ভিড়ের কারণে। পাচারের চেষ্টার অভিযোগে এক মহিলা সহ দুজনকে আটক করেছে জিআরপি। উত্তরবঙ্গে চা বাগান অধ্যুষিত তরুণীদের টার্গেট করত অভিযুক্তরা। অভাব অনটনের কারণে কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। এদেরকে আইফোন কোম্পানিতে কাজ দেওয়া হবে বলে জানিয়েছিল পাচারকারীরা। এদের কারও কাছে টিকিট ছিল না। সিট ও কোচ নম্বর লেখা একটি কাগজ ছিল। তা দেখেই সন্দেহ হয় যাত্রী এবং টিটিই-র।
এরপরেই খবর দেওয়া হয় জিআরপিতে। ঠিক কোথায় কি কারণে নিয়ে যাওয়া হচ্ছিল এতজনকে খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।








