
মাসে ১০ দিন স্কুলে যান, তাও আবার মদ্যপ অবস্থায়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাঁকুড়ার সিমলাপাল তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে।
মঙ্গলবার এরই প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের আরও অভিযোগ প্রধান শিক্ষক এতটাই বেসামাল অবস্থায় থাকেন যে তাঁকে সামাল দিতে অন্যদের প্রয়োজন হয়। শুধু তাই নয় মিড মিল বন্ধ করে বিকল্প হিসেবে ছাত্রছাত্রীদের কেক, বিস্কুট দেওয়া হয় বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ স্কুলের পঠন পাঠনের হালও খারাপ। ছাত্রছাত্রীর সংখ্যা ১২-য় এসে থেকেছে। তারপরেও মানোন্নয়নে কোনও ভ্রুক্ষেপ নেই প্রধান শিক্ষকের। সিমলাপাল ব্লকের তালডিহা ছাড়াও পার্শ্ববর্তী ভাদুলডোবা, বেনাডোবা, সিদাগোড়া, কাঁশচরা ও কয়াকানালি গ্রামের ছাত্রছাত্রীদের কথা ভেবে ২০০২-এ তালডিহা গ্রামে চালু হয়েছিল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র।
ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পঠনপাঠনের জন্য ৫ জন টিচার নিয়োগ হয়। কিন্তু স্কুলের দুই শিক্ষক অবসর নেওয়ার পর নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে পঠনপাঠন শিকেয় ওঠে স্কুলে।









