উইম্বলডনের ফাইনালে সিনার-আলকারাজ

0
122
ছবি সৌজন্যে : এক্স

টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে ছোঁয়ার এবং মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেললেন সার্বিয়ান টেনিস মহাতারকা। উইম্বলডনের সেমি-ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে ছিলেন পুরোপুরি বিবর্ণ।

যেন নিজেকেই খুঁজে পেলেন না কোর্টে, সেন্টার কোর্টে দ্বিতীয় সেমি-ফাইনালে সিনারের বিপক্ষে একেবারেই লড়াই জমাতে পারেননি ৩৮ বছর বয়সী জোকোভিচ।মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেন ইতালিয়ান তরুণ।এই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ২৩ বছর বয়সী সিনার।এর আগে দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয় করে নিজের নাম জানান দিয়েছিলেন টেনিস দুনিয়ায়।এদিকে, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে আগেই পুরুষ এককে সবচেয়ে বেশি মেজর জয়ের রেকর্ড গড়েছেন জোকোভিচ।উল্লেখ্য মহিলা ও পুরুষ মিলিয়ে যৌথভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক ছিলেন তিনি এবং মার্গারেট কোর্ট। সেই রেকর্ড এবার নিজের করে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিলেন জোকোভিচ।তবে শেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের পর থেকে অপেক্ষা বেড়েই চলেছে তার। শেষবার মেজর জিতেছেন ২০২৩ সালের ইউএস ওপেনে।উইম্বলডনে এবার জয়ের আরো একটি ইতিহাস হাতছানি দিচ্ছিল, কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ড আটটি ট্রফির পাশে নিজের নাম লেখানোর সুযোগ ছিল তার সামনে।

কিন্তু সিনারের কাছে থেমে যেতে হলো এই সার্বিয়ানকে। এদিকে, প্রথম সেমি-ফাইনালে আমেরিকান তারকা টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। এর ফলে এবারের ট্রফির লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা— আলকারাস ও সিনার।