
৭ মে ২০২৫, পহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। ছারখার হয়ে গিয়েছিল সন্ত্রাসবাদীদের একের পর এক ডেরা। বৃহস্পতিবার সেই অপারেশন সিঁদুর বর্ষপূর্তিতে ভিডিও প্রকাশ করে সেনাবাহিনীর বার্তা, সন্ত্রাসবাদীদের রেহাই নেই।
জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত। সেনাবাহিনীর প্রকাশ করা ওই ভিডিওতে সামরিক পরিকল্পনা, কৌশল এবং সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। সেনাবাহিনীর কথায়, এই অভিযানটি পরিকল্পিত এবং সুসম্পাদিত ছিল। তিন বাহিনীর সমন্বয় অভিযানটিকে আরও শক্তিশালী করে তুলেছিল। অন্যদিকে, সেনার তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সেখানে বিশেষ বার্তায় বলা হয়েছে, ভারত কিছুই ভোলেনি এবং ক্ষমাও করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার অপারেশন সিঁদুর-র প্রথম বার্ষিকীকে স্বাগত জানিয়ে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়া এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, সশস্ত্র বাহিনী অতুলনীয় সাহস, নির্ভুলতা ও দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছে এবং পহেলগাঁও নিরীহ ভারতীয়দের ওপর হামলা চালানোর দুঃসাহসীদের যোগ্য জবাব দিয়েছে।







