
গত বছর ভারতে কনসার্ট করে গেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরান। এবার আবারও ভারতের মাটিতে এসেছেন গায়ক। চেন্নাইয়ে বিশাল বড় কনসার্টে পারফরম করেছেন শিরান।
এর আগেই ভারতের মিউজিক্যাল মায়েস্ট্রো এ আর রহমানের সঙ্গে সাক্ষাৎ সেরে নিয়েছেন গায়ক। অস্কারজয়ী সংগীত শিল্পী এ আর রহমানের সঙ্গে শিরানের সাক্ষাৎকারের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।এ আর রহমান যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় আমেরিকান পপ গায়কের সঙ্গে বসে আছেন এ আর রহমান এবং ছেলে এ আর আমিন।অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে রহমান বসে রয়েছেন এডিটরের আসনে এবং ছবি তুলছেন শিরান।সংগীত জগতের অনন্য দুই তারকাকে একফ্রেমে দেখে স্বভাবতই ফ্যান ফলোয়াররা উচ্ছসিত।এদিকে সংগীতশিল্পী এড শিরান এবার ভারত সফরে মোট ছয়টি শহরে কনসার্ট করবেন।যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে।এর আগে, ৩০ জানুয়ারি পুনেতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই আমেরিকান গায়ক।পুনে লেখা একটি টি-শার্ট পরে মঞ্চ কাঁপিয়েছিলেন এড শিরান।পুনেতে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন। এবার পালা চেন্নাইয়ে।
উল্লেখ্য, এর আগে দু’বার ভারতে এসেছিলেন শিরান।২০১৭ সালে ও ২০২৪ সালে।দুবারই মুম্বাইয়ে পারফরম করেছিলেন। তবে এবার ভারতের ছ’টি শহরে পারফরমেন্স করবেন তিনি।সবকটি কনসার্ট শেষ হওয়ার পর এড শিরান ফিরে যাবেন লন্ডনে।
