প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

0
354
ছবি সৌজন্যে : সংগৃহীত
প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই  সঙ্গীতশিল্পী। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে, শনিবার হাসপাতালেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
কয়েকদিন আগেই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাংলার কৃষ্টি থাকবে ততদিন থেকে যাবে তাঁর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’-এর মতো সব গান। শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তাঁর অসামান্য সৃষ্টির মৌতাত। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল। অতিরিক্ত সংক্রমণে প্রভাব পড়ে কিডনি, ফুসফুসে। সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। গত বছরও জানুয়ারি মাসে অসুস্থ হয়েছিলেন প্রতুল মুখ্যোপাধ্যায়। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে এপার বাংলায় চলে আসেন তিনি। থাকতে শুরু করে চুঁচুড়ায়। অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতা দিয়ে শুরু।
নিজেও গান লিখতেন। অথচ প্রথাগত কোনও সঙ্গীতশিক্ষা তিনি নেননি। নিজের হৃদয় নিঃসৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে শিখেছিলেন।