
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মধ্যে আইপিএস অফিসার অজয় পাল শর্মার নিয়োগ ঘিরে আইনি লড়াই এবার কলকাতা হাইকোর্ট থেকে পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে।উত্তরপ্রদেশ ক্যাডারের এই এনকাউন্টার স্পেশালিস্ট তথা দাপুটে অফিসারকে পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আদিত্য দাস নামে এক ব্যক্তি।
মামলাকারীর প্রধান অভিযোগ হল, অজয় পাল শর্মা একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে কাজ না করে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২০বি ধারা উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, একজন পর্যবেক্ষকের কাজ হল নির্বাচনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা এবং জনগণের মনে ভরসা জোগানো। কিন্তু অজয় পালের বর্তমান ভূমিকা সেই নিরপেক্ষতার ঠিক উল্টো। তিনি সরাসরি প্রার্থীদের হুমকি দিচ্ছেন, যা একজন নির্বাচন পর্যবেক্ষকের কাজের পরিপন্থী।উল্লেখ্য,দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর এলাকাগুলোতে এই আইপিএস অফিসারের অতি-সক্রিয়তা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ্য, সোমবারই অজয় পাল শর্মার নিয়োগ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল।
কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে সাফ জানিয়ে দেয়, বর্তমানে রাজ্যে ভোটপ্রক্রিয়া চলছে, আর এই মুহূর্তে নির্বাচন কমিশনের কোনও প্রশাসনিক সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না। এরপরই তড়িঘড়ি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মামলাকারী আদিত্য দাস।







