
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা-র আবেদনপত্র ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বলেছেন রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে হলা হয়েছে। জেলাশাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করেন। রাজ্যে মোট যত ভোটার রয়েছেন, তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে। সিইও দফতর সূত্রে খবর, এসআইআরের জন্য প্রায় ১৫ কোটি আবেদনপত্র ছাপানো হবে। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়। তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে, সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও-র দফতর। মঙ্গলবার এসআইআরের সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণও দেন সিইও মনোজ আগরওয়াল। সেখানেই এই নির্দেশ দেন তিনি। সিইও-র দফতর জানিয়েছে, কোনও জেলায় ছাপানোর ব্যবস্থা না-থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে।
সিইও-র দফতর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে।








