এসআইআর : সুপ্রিম কোর্টে আর্জি ডেরেকের

0
85
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গঙ্গাসাগর থেকে তৃণমূল নেত্রীর বার্তার পরই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

শীর্ষ আদালতে তাঁর আবেদন, পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বাড়ানো হোক। এই প্রক্রিয়ায় কমিশনের একাধিক ভুল রয়েছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করেছেন ডেরেক।ডেরেকের দায়ের করা মামলায়, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। দাবি, এই প্রক্রিয়ায় পদ্ধতিগত একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কমিশনকে একাধিকবার হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করেছে। সেই সূত্র ধরেই রাজ্যসভার সাংসদ ডেরেকের অভিযোগ, নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার ও অন্যান্য অফিসারদের হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে নির্দেশ দিয়েছে।যার ফলে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত আনা হয়েছে।শীর্ষ আদালতে রাজ্যসভার সাংসদের আরও অভিযোগ, ৫৮ লক্ষ ভোটার অবৈধভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন।

কোনও শুনানি ছাড়াই অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য,কমিশন বুথওয়ারি মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু কমিশনের খাতায় মৃত তিনজন ভোটারকে নিজের জনসভার মঞ্চে হাজির করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।