
এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। কোথাও কোনও বেআইনি কিছু নেই,বুধবার এই মামলায় সাফ জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।
সেইসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশজুড়ে যেভাবে এসআইআরের কাজ চলছিল, তেমনই চলবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা বলেই শুধুমাত্র একে বেআইনি বলা যায় না।এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় বলেই মত ওয়াকিবহাল মহলের।এর আগে বিশেষ নিবিড় সংশোধন বেআইনিভাবে করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, পশ্চিমবঙ্গের ঠিক ভোটের আগে তড়িঘড়ি এসআইআর পদ্ধতি শুরু হওয়ায়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ ছিল, এই পদ্ধতিটি সঠিক নয়। তাই এসআইআরের কাজে স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট।সেই মামলারই চূড়ান্ত রায়দান হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে আইনে নির্ধারিত ভোটার তালিকা সংশোধনের পদ্ধতিকে বাতিল বা বদলে দিচ্ছে না।
আইন নিজেই কমিশনকে যে কোনও সময় পুনর্বিবেচনা করার ক্ষমতা দিয়েছে এবং কীভাবে সেই কাজ হবে, তা নির্ধারণ করার স্বাধীনতা দিয়েছে। ফলে এসআইআরকে বেআইনি বলা যাবে না।




