
এসআইআর আতঙ্কে ধনেখালিতে মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। অভিযোগ পরিবারের। জানা গিয়েছে হুগলির ধনেখালির সোমসপুর ২ গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকায় বাপের বাড়ি আশা সোরেন নামে বছর ২৭-র ওই মহিলার।
প্রায় ৮ বছর আগে হরিপালে বিয়ে হয় আশার। কিন্তু পারিবারিক অশান্তির কারণে ৫-৬ বছর ধরে ধনেখালিতেই থাকছিলেন আশা। পরিবারের দাবি বাপের বাড়ির সবাইকে এসআইআর ফর্ম দেওয়া হলেও আশা না পাওয়ায় আতঙ্কে ছিলেন। এদিকে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কোনও নথিপত্র ছিল না। তা নিয়েই মানসিক অবসাদে ছিলেন।
এরপরেই নিজের ৬ বছরের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন আশা। আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়েকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই মহিলার বাড়িতে গিয়েছেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। সেখানেই বিজেপিকে আক্রমণ করেন তিনি।
