
ভোটার তালিকায় সংশোধন কিংবা যাচাই সংক্রান্ত নোটিস ইস্যু হলে সংশ্লিষ্ট ভোটারদের কাছ থেকে যে নথিপত্র জমা পড়বে, তা দ্রুততার সঙ্গে যাচাই করতেই হবে জেলা প্রশাসনকে।২৪ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, যোগ্যতার প্রমাণ হিসেবে জমা দেওয়া নথি ও আগের পর্বের ডেটা–ম্যাপিং আপলোড করতে হবে বিএলও অ্যাপে। কমিশনের কথা অনুযায়ী, নোটিস পাওয়া ভোটাররা যে সমস্ত কাগজপত্র জমা দেবেন, সেগুলি জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে সংশ্লিষ্ট নথি–প্রদানকারী দফতরের কাছে পাঠিয়ে পাঁচ দিনের মধ্যেই সত্যতা যাচাই করে রিপোর্ট তুলতে হবে কমিশনের ওয়েবসাইটে।
আরও বলা হয়েছে, নথি যদি রাজ্যের মধ্যেই অন্য জেলা থেকে ইস্যু হয়ে থাকে, তবে জেলা নির্বাচনী আধিকারিক সেটি কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠাবেন যাচাইয়ের জন্য এবং যাচাই–শেষে তা ফিরে আসবে আবেদনকারী জেলার দফতরে। কিন্তু কোনও নথি যদি রাজ্যের বাইরে অন্য কোনও কর্তৃপক্ষ ইস্যু করে থাকে, সেক্ষেত্রে বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠাতে হবে জরুরি যাচাইয়ের জন্য।








