
অবশেষে পশ্চিমবঙ্গের এসআইআর-র প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম তালিকায় বাদ গিয়েছে ৫ লাখ ৪৬ হাজার নাম। খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছিল ৫৮ লাখ ভোটারের।
শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত ৬৩ লাখ নাম বাদ গিয়েছে। এসআইআর হওয়ার আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লাখেরও বেশি। প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজারের কিছু বেশি। তার মধ্যে ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা। এর মধ্য থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একইসঙ্গে নতুন ভোটারদের নাম যুক্ত হতে পারে। এসআইআর নিয়ে টানাপোড়েনের মধ্যে শনিবার ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
এখনও ১ লাখ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটারের নাম সংযুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। ফর্ম ৬ এবং ফর্ম ৬এ-র মাধ্যমে নতন ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে বলে সিইও-র তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে।
