
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার অ্যাডিলেড টেস্টে তর্কাতর্কির ঘটনায় মোহাম্মদ সিরাজ ও ট্র্যাভিস হেডকে শাস্তি দেওয়া হয়েছে। সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
অন্যদিকে ট্র্যাভিস হেডকে তিরস্কারসহ একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে, যখন সিরাজ হেডকে আউট করার পর ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে সেলিব্রেট করেন।এতে হেড ক্ষুব্ধ হয়ে পাল্টা মন্তব্য করেন। আইসিসি জানিয়েছে, সিরাজ আচরণবিধির ২.৫ ধারা এবং হেড ২.১৩ ধারা লঙ্ঘন করেছেন।ম্যাচ শেষে ট্র্যাভিস হেড জানান, তিনি মজা করে সিরাজকে বলেছিলেন ওয়েল বোল্ড, কিন্তু সিরাজ ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন।সিরাজ পাল্টা দাবি করেন,হেডই প্রথমে তাকে অপমান করেন এবং মিডিয়ায় তার বক্তব্য মিথ্যা।
এদিকে দুজনই দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তারা। পরে দ্বিতীয় ইনিংসে সিরাজ ও হেডকে মাঠে শান্তভাবে কথা বলতে দেখা যায়।
