
বেশ লম্বা প্রতীক্ষার পর প্রিয় তারকার সিনেমা উপভোগ করছেন আমির খানের ফ্যান ফলোয়াররা। সদ্যই মুক্তি পেয়েছে অভিনেতার সিতারে জামিন পার। সিনেমাটি ঘিরে দীর্ঘদিন ধরেই উন্মাদনা দর্শকদের মাঝে। যার দেখা মিলছে বক্স অফিসেও।
মুক্তির প্রথম দিন খুব একটা সাড়া ফেলতে না পারলেও যত দিন যাচ্ছে বক্স অফিসে ছড়িয়ে যাচ্ছে আমির খানের জাদু। ভারতীয় বক্স অফিসে প্রথমদিন বেশ ঢিলেঢালাভাবেই শুরু করা সিনেমাটির আয় দ্বিতীয় ও তৃতীয় দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। রিপোর্ট অনুসারে, চতুর্থ দিন অর্থাৎ সোমবার সিনেমাটি আয় করেছে ৮.৫ কোটি টাকা।প্রথম দিনের ১০.৭ কোটি, দ্বিতীয় দিনের ২০.২ কোটির পর তৃতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২৮ কোটি টাকা।এরপর চতুর্থ দিনে আয় কমেছে অনেকটাই।মাত্র ৮ কোটি পার করতে পেরেছে সিনেমাটি। দু’ অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেনি। যার ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় এখন ৬৭ কোটি টাকা।সেই সঙ্গে বিশ্বব্যাপী সিনেমাটি চার দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এদিকে নিজের আরেক সিনেমার রেকর্ড ভাঙতে পেরেছেন আমির খান। চার দিনের আয়ে নিজের লাল সিং চাড্ডা’র রেকর্ড ভেঙেছে আমির খান। ভারতের বাজারে মাত্র ৬১.৩৬ কোটি টাকা আয় করেছিল লাল সিং চাড্ডা। তবে সিতারে জামিন পার মাত্র চার দিনেই আয় করে নিয়েছে ৬৭ কোটি টাকা।উল্লেখ্য সিতারে জামিন পার পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। সিনেমাটি ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্নকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন আমির খান।
এই ১০ অভিনেতা হলেন, আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। এটি স্প্যানিশ সিনেমা ক্যাম্পিওনেসের হিন্দি ভার্সন।
