
অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় রোগী-সহ ৬ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুরে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে সিমেন্ট বোঝাই লরিটি কেশপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ঘাটাল থেকে একটি অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসছিল। সেই সময় পঞ্চমীর বড় পোলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় লরি এবং অ্যাম্বুল্যান্সটির। এই দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সে থাকা ৬ জন যাত্রী নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেকে। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আহতেরা সকলেই চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকার বাসিন্দা। হাসপাতালে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন কেশপুর থানার আধিকারিকেরা।








