টেস্ট ইতিহাসে ছক্কার ‘সেঞ্চুরি’ ভারতের

0
154

বেঙ্গালুরু টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের প্রথম বল। ডাউন দ্য উইকেট এসে এজাজ প্যাটেলকে লং অফ দিয়ে ছক্কা মারেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা মারার মাইলফলক গড়েছে ভারত।

চলতি বছর এ পর্যন্ত ৯ টেস্ট খেলা ভারতের ছক্কাসংখ্যা ১০২। এর আগে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের।২০২১ সালে ভারতেরই গড়া ৮৭ ছক্কা পেরিয়ে পরের বছর ৮৯ ছক্কা মারে ইংল্যান্ড। ১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের সেই রেকর্ড পেরিয়ে যায় ভারত। শীর্ষ পাঁচে পরের দুটি জায়গা নিউজিল্যান্ডের। ২০১৪ সালে ৮১ ছক্কা ও ২০১৩ সালে ৭১ ছক্কা মেরেছে কিউইরা।এ বছর ছক্কাসংখ্যায় ভারতের ধারেকাছেও কেউ নেই। ১৩ ম্যাচে ৬৮ ছক্কা নিয়ে দুইয়ে ইংল্যান্ড। পঞ্চাশের ওপরে ছক্কা আছে আর একটি দলের। ৭ ম্যাচে ৬৩ ছক্কা মেরেছে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা ৮ ম্যাচে ৪৫, পাকিস্তান ৫ ম্যাচে ৩৩, ওয়েস্ট ইন্ডিজ ৭ ম্যাচে ২৮ ও বাংলাদেশ ৬ ম্যাচে ২৫। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এই তালিকায় বাংলাদেশের পেছনে। ৫ ম্যাচে ২১ ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া।

সমান ম্যাচে ১৯ ছক্কা দক্ষিণ আফ্রিকার। ২টি করে টেস্ট খেলা আফগানিস্তান ৫ ছক্কা ও আয়ারল্যান্ডের ২ ছক্কা সঙ্গে এই তালিকায় বাকি দলগুলোর সঙ্গে তুলনার সুযোগ নেই। ১টি টেস্ট খেলা জিম্বাবুয়ে ছক্কা মারতে পারেনি।

ছবি  সৌজন্যে : এক্স