
লিগ চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের অভিযানে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। অজেয় পথচলায় লাউতারো মার্তিনেসের নৈপুণ্যে আরেকটি জয় পেয়েছে তারা।
সেরি আয় উদিনেসের মাঠে ১-০ গোলে জিতেছে ইন্টার।চাপ ধরে রেখে ম্যাচের ২০ মিনিটে গোলটি করেন মার্তিনেস। তরুণ সতীর্থ এসপোসিতোর ব্যাকহিল পাস পেয়ে, ডান পায়ের শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।এবারের লিগে এ নিয়ে ২১ ম্যাচ খেলে ১১ গোল করলেন মার্তিনেস। তার চেয়ে তিন গোল কম নিয়ে তালিকার দুইয়ে এসি মিলানের ক্রিস্টিয়ান পুলিসিক।চলতি সিজনে সেরি আয় চারটি অ্যাসিস্টও করা মার্তিনেস চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে করেছেন চার গোল।
সেরি আয় ইন্টার মিলান শেষ হেরেছিল গত ২৩ নভেম্বর, এসি মিলানের বিপক্ষে। সেই থেকে লিগে ৯ ম্যাচ খেলে জিতল ৮টি।









