
সাধারণতঃ রাতের খাবারের পর বেশি জল পান করলে মাঝরাতে প্রস্রাবের বেগ আসা স্বাভাবিক। ডায়াবেটিস থাকলেও অনেকে ঘন ঘন প্রস্রাবের সমস্যা অনুভব করেন।
কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়াই যদি প্রায় প্রতিদিনই রাতের মধ্যে ঘুম ভেঙে যায়, চিকিৎসকদের অধিকাংশ মনে করেন এটি স্বাভাবিক নয়। তাদের মতে, অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস থেকেও এমন উপসর্গ দেখা দিতে পারে।কিন্তু শরীরে কর্টিসল হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে মাঝরাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে।স্ট্রেস বাড়ার পেছনে এই হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সাধারণত সকালে ঘুম ভাঙার পর কর্টিসলের মাত্রা সবচেয়ে বেশি থাকে, কিন্তু যদি রাতে ১-২টার দিকে কোনো কারণ ছাড়াই ঘন ঘন ঘুম ভেঙে যায়, তবে সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসকদের মতে, মানসিক চাপ বা উদ্বেগের মতো বিষয়কে হালকাভাবে নেওয়া উচিত নয়।
ঘুমের সময় মানবদেহ সাধারণত প্যারাসিমপ্যাথেটিক বা বিশ্রাম অবস্থায় থাকে। কিন্তু কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে প্রদাহ বাড়ে, রক্তশর্করার তারতম্য ঘটে, বিপাকক্রিয়া ব্যাহত হয় এবং ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। এই সব মিলেই মানসিক চাপ আরো বাড়তে পারে। তাই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়াকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়।









