
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
এবার এই নিয়ে সরব হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানিয়েছেন, যারা জেএনইউতে শারজিল ইমামের আদর্শ প্রচার করবে তাদের চূর্ণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাবরমতী ধাবা প্রাঙ্গণে ছাত্র সমাবেশ থেকে উঠেছিল স্লোগান। ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা আধিকারিক বসন্তকুঞ্জ উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে দাবি করা হয়েছে স্লোগানগুলি ছিল অত্যন্ত আপত্তিকর, উস্কানিমূলক ও জ্বালাময়ী।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২০ সালের ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার স্মরণে এ বারেও আয়োজিত হয়েছিল প্রতিবাদ কর্মসূচি। তবে উমর খালিদ ও শারজিল ইমাম জামিন না পাওয়ায় আয়োজনের ধরন পরিবর্তিত হয়েছিল। যদিও ছাত্রসংগঠনের নেতৃত্বের দাবি, ২০২০ সালের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ওই সব স্লোগান ছিল।
