
অপারেশন সিঁদুর চলাকালীন অভুক্ত জওয়ানদের মুখে খাবার তুলে দিয়েছিল ১০ বছরের ছোট্ট শবন সিংহ। তার পড়াশোনার খরচ বহনের ভার নিয়েছে ভারতীয় সেনা।
রবিবার সেনার তরফে এই ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল, পাঞ্জাবের ফিরোজপুর জেলার মমডট এলাকার তরাওয়ালি গ্রাম। মে মাসের ৭ তারিখ, অপারেশন সিঁদুর-এর সময় ভারতীয় সেনা যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আঘাত হানছিল, তখন সীমান্তের কাছে গোলাগুলির মধ্যে দিয়েই সেনাদের জন্য জল, চা, দুধ, লস্যি পৌঁছে দিতে এগিয়ে গিয়েছিল শবন।
কারও জোরাজুরিতে নয়, নিজের ইচ্ছেতেই। সেনার গোল্ডেন অ্যারো ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শভনের এই নিঃস্বার্থ সাহসিকতাকে সম্মান জানাতেই তাঁর সম্পূর্ণ শিক্ষাজীবনের খরচ বহন করবে সেনাবাহিনী।
