
তেলেঙ্গানার সুড়ঙ্গে ধসের ১২ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও আটকে রয়েছেন আট জন শ্রমিক এবং ইঞ্জিনিয়ার। জীবিত না মৃত, কী অবস্থায় তাঁরা রয়েছেন, জানা যাচ্ছে না তা-ও। আশার আলোও প্রায় নিভে এসেছে। সেই আবহেই এ বার উদ্ধারকাজে যোগ দিল কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যারা সহজেই মানবদেহ বা দেহাংশ খুঁজে বের করতে পারে।
বৃহস্পতিবার সকালে কেরল সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মৃতদেহ অনুসন্ধানে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর নিয়ে তেলঙ্গানার উদ্দেশে রওনাও হয়ে গিয়েছেন পুলিশকর্মীরা। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের যৌথ অনুরোধেই এই বিশেষ পুলিশ কুকুর পাঠাচ্ছে কেরল। ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে।
সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন আট শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য প্রায় ৫০০ জন উদ্ধারকারী নিরন্তর কাজ করে চলেছেন। এ দিকে, সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। তবে আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা।







