তুরস্কে একদিকে তুষারপাত, অন্যদিকে দাবানল

0
189
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার বিরল এক আবহাওয়া দৃশ্য দেখা গেছে ,ভারি তুষারপাতে ঢেকে যায় পাহাড়ি অঞ্চলগুলো। অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আগুনের সঙ্গে লড়াই করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় রিজে শহর এবং আশপাশের পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে, যা সাধারণত এই সময়ের জন্য একেবারেই অস্বাভাবিক।

এমনিতে রিজেতে বাসিন্দারা আবহাওয়ার অস্বাভাবিক আচরণে অভ্যস্ত, মার্চ মাসে মাঝে মাঝে তুষারপাত হয়, কিন্তু জুলাই মাসে এতটা তুষারপাত আগে দেখা যায় নি।পুরনো প্রজন্মের কেউ কেউ ৩০-৪০ বছর আগে জুলাই মাসে হালকা তুষারপাত দেখেছেন, তবে এতটা কখনো হয়নি।বলা হচ্ছে,২ হাজার ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত ওভিত ইয়ায়লাসি মালভূমি বরফে ঢেকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, আনজার ইয়ায়লাসি থেকে কাচকার মাউন্টেন ন্যাশনাল পার্ক পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকা বরফে আচ্ছাদিত হয়ে পড়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ,আর্তভিন, যা ভেতরের দিকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।এদিকে দেশের দক্ষিণ ও পশ্চিম অংশে চলছে ভয়াবহ দাবানল। তুরস্কের বন ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি জানিয়েছেন, অন্তত ১০টি গুরুতর দাবানল বিরুদ্ধে লড়াই চলছে।ইজমির প্রদেশে আগুনে দুজনের মৃত্যু হয়। আগামী দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস রয়েছে।