
সোশ্যাল মিডিয়া, অস্ট্রেলিয়া থেকে শিখছে ভারত,বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি অনূর্ধ্ব ১৬ কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরার সেই সিদ্ধান্তের প্রশংসায় এবার পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেছেন, আমরা আপনাদের থেকে শিক্ষা নিচ্ছি। বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের উপস্থিতিতে তথ্যপ্রযুক্তি এবং অনলাইন সুরক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে সমাজমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষার লক্ষ্যে নেওয়া ব্যবস্থার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। বলেছেন, তথ্যপ্রযুক্তি ও সমাজমাধ্যম সংক্রান্ত আইনে আপনারা যেভাবে পরিবর্তন আনছেন এবং সমাজকে সুরক্ষা করছেন, তা বিশ্বের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
আপনাদের এসব প্রচেষ্টা থেকে আমরা অনেক কিছু শিখছি। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপরও আলোকপাত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক যোগাযোগ এমন এক মডেল তৈরি করছে, যা বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গত বছরের ১০ ডিসেম্বর থেকেই কোনও প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি।
