
হায়দরাবাদের মিয়াপুরে উদ্ধার হল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। নিজের বাড়ির ফ্যান থেকে ঝুলতে দেখা যায় তাঁকে। কাজের চাপেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে।
পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মৃত ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন। সূত্রের খবর, ওই যুবক দু’মাস আগে একটি নামকরা সফটওয়্যার সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন। তিনি কোডিং সংক্রান্ত কাজ করতেন। পুলিশ সূত্রে খবর , তিনি পেশাগত সমস্যার কথা নিয়ে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছিলেন।
তাঁর স্ত্রী এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে বাপের বাড়িতে রয়েছেন। নিয়মিত তাদের ফোনে যোগাযোগ ছিল। অতিরিক্ত কাজের চাপ তাঁর পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ছিল বলে জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।









