সহকর্মীকে বাঁচাতে নদীতে ঝাঁপ জওয়ানের, মৃত্যুও 

0
114
ছবি সৌজন্যে : এক্স
সহকর্মীকে বাঁচাতে গিয়ে সিকিমের নদীতে তলিয়ে গিয়েছেন ২৩ বছর বয়সি লেফ্‌টেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। গত ডিসেম্বরে সিকিম স্কাউটে যোগ দিয়েছিলেন শশাঙ্ক। শুক্রবার শশাঙ্ক-র নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সিকিমের দুর্গম পাহাড়ি অঞ্চলে টহল দিচ্ছিল। সকাল ১১টা নাগাদ একটি কাঠের সেতু পেরোনোর সময়ে আচমকা সেই দলের অগ্নিবীর স্টিফেন সুব্বা পা পিছলে নদীতে পড়ে যান।
তাঁকে বাঁচাতে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন শশাঙ্ক। নিজের প্রাণের তোয়াক্কা করেননি। নায়েক পুকার নামের আরও এক জওয়ান তাঁকে সাহায্য করতে জলে নেমেছিলেন। তাঁরা দু’জনে মিলে স্টিফেনকে কোনও রকমে নদী থেকে তোলেন। কিন্তু নিজে আর উঠতে পারেননি শশাঙ্ক। জলের স্রোত এতটাই বেশি ছিল যে, তিনি ভারসাম্য রাখতে পারেননি। জলের তোড়ে ভেসে গিয়েছেন।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে শশাঙ্কের দেহ দেখা যায়। তাঁর বাড়িতে বাবা, মা এবং বোন রয়েছেন। এত কম বয়সেও শশাঙ্কের সাহস, দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছে সেনাবাহিনী। সেনার বিবৃতিতে বলা হয়েছে, তাঁর অবদান আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।