মাওবাদীদের পোঁতা বিস্ফোরণে বস্তারে নিহত জওয়ান

0
124
ছবি সৌজন্যে : এক্স
ছত্তীশগড়ের বস্তারে মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরকে পা দিতেই মৃত্যু হয়েছে নিরাপত্তাবাহিনীর এক জওয়ানের। আরও তিন জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নিরাপত্তাবাহিনীর কয়েক জন জওয়ান বিজাপুরের ভোপালপট্টনমের কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহল দিচ্ছিলেন।
তখনই অসাবধানতাবশত মাওবাদীদের পুঁতে রাখা একটি আইইডি-তে পা দিয়ে ফেলেন তাঁরা। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। চার জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, নিহত জওয়ানের নাম দীনেশ নাগ।
দীনেশ রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর কর্মী ছিলেন। অন্য আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।