দলের কেউ খুনে জড়িত, দাবি হিমানীর মা’র 

0
128
ছবি সৌজন্যে : এক্স
দলেরই কেউ তাঁর মেয়ে হিমানী নরওয়ালকে খুন করে ট্রলি ব্যাগে দেহ ভরেছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন হিমানীর মা সবিতা নরওয়াল। তিনি আরও জানিয়ছেন, তাঁর কন্যা কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। ১০ বছর ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছেন হিমানী। ২৭ ফেব্রুয়ারি কন্যার সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁর। তার পরদিনই ভূপেন্দ্র সিং হুডার একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
ওই দিন কন্যাকে ফোনও করেছিলেন। কিন্তু ফোন বন্ধ ছিল। সবিতার অভিযোগ, কন্যার দ্রুত উত্থান দলের অনেকেই মেনে নিতে পারছিলেন না। তাই তাঁকে এ ভাবে সরিয়ে দেওয়া হল। হিমানী বিজ্ঞানে স্নাতক করেছিলেন। এমবিএ-ও করেছেন। তার পর আইন নিয়ে পড়াশোনা করছিলেন।
তার পাশাপাশি কংগ্রেসের এক জন নেত্রীও ছিলেন। শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের ধার থেকে নীলরঙা একটি ট্রলিব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধার হয়। ঘটনাচক্রে, হিমানীর পরিবারের দাবি ওই ট্রলিব্যাগটি তাঁদেরই। বাড়ি থেকে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল ব্যাগটি।