
নেশার টাকার জন্য মাকে গুলি করে আগুন ধরিয়ে দিয়েছে ছেলে। তারপর নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি কলেজ রোডের রামকৃষ্ণ সরণিতে।
জানা গিয়েছে রাজা মুখোপাধ্যায় নামে ওই যুবক দিনভর নেশা করতেন। নেশার টাকার জোগানে প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে বাড়ি বিক্রির জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন রাজা। তা নিয়েই অশান্তি চরমে ওঠে। প্রথমে রাজা তাঁর বাবা দয়াময় মুখোপাধ্যায়কে মারধর করেন। প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে পুরুলিয়ার কাশীপুরে মেয়ের বাড়িতে যান। বৃহস্পতিবার ফের অশান্তি শুরু করেন রাজা। নেশার টাকার জন্য মাকে চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকার করায় মাকে গুলি করে বাড়িতে আগুন ধরিয়ে দেন রাজা।
এরপর নিজের মাথায় গুলি চালান রাজা। প্রতিবেশীরাই আগুন নিভিয়ে পুলিশে খবর দেয়। মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।








