
নেশা করার জন্য মায়ের থেকে ১০০ টাকা চেয়েছিল ছেলে! কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় মা-কেই খুন করেছে গুণধর ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগরের সল্টলেকে। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৫০-র সরস্বতী মুর্মু। পুলিশ তদন্তে নেমে ছেলে মুন্নাকে গ্রেফতার করেছে।
ওই বাড়ির কেয়ারটেকার পদে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন সরস্বতী। তিনি আদপে মুর্শিদাবাদের বাসিন্দা। কাজের জন্য সল্টলেকেই তিনি থাকতেন। ছেলে মুন্না তাঁর সঙ্গে থাকতেন না। জানা গিয়েছে, রবিবার মায়ের কাছে গিয়েছিল ছেলে। সোমবার সকালে নেশা করার জন্য মায়ের কাছে একশো টাকা চেয়েছিল মুন্না।
কিন্তু কোনওভাবেই সেই টাকা দিতে চাননি সরস্বতী। অনেক চেয়েও টাকা না পাওয়ায় মাকে গলায় দড়ির ফাঁস দিয়ে খুন করে ছেলে। পরে বাড়ি থেকে চলেও যায়। এদিকে বেলা হয়ে গেলেও সরস্বতীকে দেখা না যাওয়ায় আশপাশের লোকজনদের মধ্যে সন্দেহ হয়। স্থানীয়রা ঘরে ঢুকে সরস্বতীকে পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।





