
২০২৩ সালে মুক্তি পায় রীমা কাগতির থ্রিলার সিরিজ দাহাড়।এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার।সিরিজটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল।
সেই সঙ্গে সোনাক্ষীর সাহসী অভিনয় দেখেও বাহবা করেছিল দর্শক-সমালোচকরা।দু’ বছর পর ফিরছে দাহাড় টিম।আর দ্বিতীয় সিজনেও পুলিশ অফিসার অঞ্জলি ভাটির চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষী।রিপোর্ট অনুসারে, এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত করেছেন রীমা কাগতি।এ বছরের শুরুতে সুপারবয়েজ অব মালেগাঁও বানিয়ে তাক লাগিয়েছেন নির্মাতা।এবার পুরোদমে দাহাড়-এর দ্বিতীয় সিজন নির্মাণে মনোনিবেশ করেছেন তিনি।এ বছরের ডিসেম্বরেই শুরু হবে শুটিং।আর বরাবরের মতোই সিরিজটি আসবে প্রাইম ভিডিওতে। যদিও সোনাক্ষী কিংবা রীমা কারো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।এদিকে সোনাক্ষীকে শেষ দেখা গেছে ভৌতিক ছবি,নিকিতা রয়-এ। ১৮ জুলাই এটি মুক্তি পায়।তবে আশানুরূপ সাড়া পায়নি। এদিকে সম্প্রতি সোনাক্ষী সিনহা তেলুগু ছবিতেও নাম লিখিয়েছেন। তেলুগু তারকা সুধীর বাবুর সঙ্গে তাঁকে দেখা যাবে জতধারা ছবিতে।অলৌকিক রোমাঞ্চের গল্পে ছবিটি বানাচ্ছেন ভেঙ্কট কল্যাণ।
কাজের খবরে যখন মুম্বাইতে চর্চায় সোনাক্ষী, তখন স্বামী জহির খানের সঙ্গে অবকাশ যাপনে স্বর্গীয় দেশ সুইজারল্যান্ডে অভিনেত্রী। দুই পরিবারের সদস্যদের নিয়েই তাঁরা ভ্রমণে গেছেন। ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, পারিবারিক অবকাশ দারুণভাবে সম্পন্ন করেছেন তাঁরা।
